ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের অভ্যান্তরে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে এক পরীক্ষার্থীসহ তিন ছাত্রকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তরা হলো মোচিক বিদ্যালয়ের পরীক্ষার্থী সাগর (১৭), শহরের ঢাকালে পাড়ার সাজিদ (১৫) ও হৃদয় (১৬)। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মখর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল কেন্দ্রে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই শিক্ষার্থীদের জরিমানা করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল কেন্দ্রে এসএসসির আইসিটি পরীক্ষা চলছিল। এ সময় পরীক্ষার্থী সাগর তার দুই বন্ধুকে নিয়ে কেন্দ্রের সামনে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল। কেন্দ্রে উপস্থিত ইউএনও সূবর্ণা রানী সাহা এ দৃশ্য দেখে তাৎক্ষণিক নির্দেশ দিলে পুলিশ মোটরসাইকেলসহ ওই তিন শিক্ষার্থীকে আটক করে। এ সময় সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ওই ছাত্রদের অভিভাবকরা তাঁদের সন্তানেরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্ষন্ত মোটরসাইকেল চালাবে না বলে ইউএনওর কাছে মৌখিকভাবে অঙ্গীকার করেন।
