সমীকরণ প্রতিবেদন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দীর দুই বছর পূর্ণ হলো আজ শনিবার। ২০১৮ সালের ওই দিনে আদালত দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তাকে সাজা দিলে সে দিনই কারাবন্দী হন তিনি। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল এবং রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকাসহ সারা দেশে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ নয়াপল্টনে সমাবেশ : এ দিকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ শনিবার বেলা ২টায় ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও সারা দেশে জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, আমরা পুলিশের কাছ থেকে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছি। আশা করছি তারা আমাদেরকে লিখিত অনুমতিও দেবেন।
