প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা জয়রামপুরে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল-জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন।
জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া গ্রামের লিয়াকত শেখের ছেলে মাসুদ রানার (২৩) সঙ্গে চার মাস আগে একই গ্রামের মল্লিকপাড়ার ইব্রাহিমের মেয়ের (১২) বিয়ে হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের সম্মতিতে বরপক্ষ আসে কনের বাড়িতে। বিয়ে আগে হলেও বৌ নিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা দেখাতেই জয়রামপুর মালিতা পাড়ার মোয়াজ্জেমের ছেলে হাউলী ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা একটি অঙ্কের খাতাতে ভুয়া কাজি হিসেবে আবার বিয়ে পড়াতে গেলে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বাল্যবিবাহ পড়ানোর অপরাধে ওই ভুয়া কাজিসহ ৪ জনকে আটক করা হয়। এরপর ভুয়া কাজি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কাকে ও বরের পিতা লিয়াকত শেখকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বর মাসুদ রানাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও কনের পিতাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন জানান, ‘ব্যাল্যবিবাহ দামুড়হুদা উপজেলা থেকে বিদায় করা হবে। এই উপজেলায় বাল্যবিবাহ পড়ালেই তাকে আইনের আওতায় আনা হবে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাই এগিয়ে আসুন।’
