ছবির ক্যাপশন:
জেবুন্নেছা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
জেবুন্নেছা স্কুল অব এডুকেশন অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান উপদেষ্টা প্রফেসর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘আমার খুব ভালো লাগছে এতো সুন্দর অনুষ্ঠানটিতে এসে। ছোট ছোট সোনামণিদের সাংস্কৃতিক পরিবেশনাও অসাধরণ। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে, জীবনে অনেক বড় হতে হবে।’ এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কোমলমতি বাচ্চাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। আপনি যখন তার সামনে ভালো আচরণ করবেন, তখনই সে ভালো কিছু শিখবে। নিজে খারাপ হয়ে তাকে ভালো শিক্ষা দিয়ে লাভ নেই, কারণ সে আপনাকে দেখেই শিখবে। অভিভাবকরাই তার প্রথম শিক্ষক। সুতরাং মাথায় রাখতে হবে আপনার দেওয়া শিক্ষাটাই বাচ্চাদের কাছে গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেবুন্নেছা স্কুল অব এডুকেশন অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর সিদ্দিকুর রহমান, স্কুলের উপদেষ্টা ও সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রফিল, স্কুলের উপদেষ্টা ও আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ।
