ছবির ক্যাপশন:
সরোজগঞ্জে গুড় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের গুড় ব্যবসায়ী ও চাষিদের সাথে মতবিনিময় সভা এবং নয়মাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকালে সরোজগঞ্জ বাজারের গুড় ব্যবসায়ী ও চাষিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী।
মতবিনিময়কালে বক্তারা বলেন, গুড় বাঙ্গালির সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাঙ্গালির ইতিহাসের জনপ্রিয় ও সুস্বাদু একটা খাবারও বটে। জনপ্রিয় খাবার এই গুড়ের সঙ্গে ভেজাল দ্রব্য মেশানো যাবে না। সঠিক ও গুণগত মান ভালো রেখে, বাঙ্গালির সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে হবে।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ নয়মাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনায় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল সহযোগীতা করেন।
