কুষ্ঠজনিত সব প্রতিবন্ধতা প্রতিরোধ করতে হবে

আপলোড তারিখঃ 2020-01-27 ইং
কুষ্ঠজনিত সব প্রতিবন্ধতা প্রতিরোধ করতে হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত, চুয়াডাঙ্গায় সিএস ডা. মারুফ হাসান নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস হিসেবে পালন করা হয়। গতকাল রোববার দিবসটি পালিত হয়েছে। এ দিবস পালন উপলক্ষে গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য স্থানে কুষ্ঠরোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এই দিবস পালন করা হয়। এ দিবসের উদ্দেশ্য হলো ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত দেশ হিসেবে চিহ্নিত করা, কুষ্ঠ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা। জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃগ্রহণ, সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ, এসব বিষয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা দেওয়াই হচ্ছে এ দিবসের লক্ষ্য। কুষ্ঠ মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন রোগ। মানবসভ্যতার বিকাশ ও সামাজিক উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত দেশগুলোতে এ রোগের প্রাদুর্ভাব একবারেই কমে এসেছে। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে কুষ্ঠ রোগের প্রাদুর্ভাব লক্ষ করা যায়। বর্তমানে বাংলাদেশসহ ব্রাজিল, ভারত, নেপাল, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, কঙ্গো ও তানজানিয়ায় কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে। বাংলাদেশে কুষ্ঠ রোগের চিকিৎসা বিনা মূল্যে করা হলেও এবং নিয়মিত চিকিৎসায় এ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য হওয়া সত্ত্বেও এখনো রোগটি জনস্বাস্থ্যে সমস্যারূপে রয়ে গেছে। জেনেভাভিত্তিক কুষ্ঠবিরোধী সংগঠনগুলোর আন্তর্জাতিক ফেডারেশন ‘আইলেপ’, যা ১৩টি আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে গঠিত, দিবসটি পালনে উদ্যোগ নেয়। আইলেপের অন্যতম প্রতিষ্ঠাতা রাউল ফোলেরো বিশ্বব্যাপী কুষ্ঠরোগ-বিষয়ক ব্যাপক সচেতনতা বৃদ্ধিকল্পে ও কুষ্ঠরোগের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে ১৯৫৩ সালে এ দিবস পালনের উদ্যোগ নিয়েছিলেন। বিশ্ব কুষ্ঠ দিবসের অলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, ‘কুষ্ট কোনো অভিশাপ নয়, কুষ্ঠ সাধারণত চিকিৎসাবিহীন সংক্রামক ধরনের হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত রোগীর প্রান্তিক স্নায়ুর কার্যকারিতা নষ্ট করে। ফলে আঙুল বাঁকা হওয়া, মুখের প্যারালাইসিস, বেদনাহীন ঘা ইত্যাদিসহ বিকলাঙ্গতা দেখা দেয় এবং রোগীর শারীরিক সমস্যার চেয়েও মানসিক ও সামাজিক সমস্যা এবং বৈষম্য প্রকট রূপ ধারণ করে। চামড়ার অবশ দাগ দিয়ে এই রোগ শুরু হয়, অনেক সময় দানা গুটিও দেখা দেয়। দুর্বল প্রতিরোধ ক্ষমতার অধিকারী মানুষ এই রোগে আক্রান্ত হয়। দারিদ্র্য, অপুষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, প্রচুর আলো বাতাসের অভাব ইত্যাদি এই রোগ সংক্রমণের অন্যতম কারণ। প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসায় আসা অতীব জরুরি প্রতিটি আক্রান্ত ব্যক্তির জন্য। কুষ্ঠরোগ প্রাথমিক পর্যায়ে চিহ্নিত হলে ও চিকিৎসার আওতায় এলে কুষ্ঠজনিত সব প্রতিবন্ধতা প্রতিরোধ করা সম্ভব। ব্যাপক সচেতনতা কার্যক্রম এ ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। আসুন আক্রান্ত ব্যক্তিদের সামাজিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সবাই একত্রে কাজ করি এবং ভবিষ্যৎ বাংলাদেশকে একটি কুষ্ঠমুক্ত দেশ হিসেবে গড়ে তুলি।’ আলোচনা সভায় এ ছাড়াও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সেক্রেটারি দেলোয়ার হোসেন দুলু, ইম্প্যাক্ট ফাউন্ডেশন প্রশাসক ডা. শাফিউল কবির জিপু, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. ইউনুস আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. ওয়ালীউর রহমান নয়ন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির ও চুয়াডাঙ্গা হার্ট ফাইন্ডেশনের কার্ডিওলজিস্ট ডা. মুস্তাক রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালট্যান্ট আকলিমা খাতুন, মেডিকেল অফিসার শিরিন জেবীন সুমিসহ নাসিং সুপারভাইজার-নার্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতলের সব কর্মকর্তা কর্মচারী। মেহেরপুর: মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ ও সালোম এর আয়োজনে ‘প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ কুষ্ঠমুক্ত হোক, আমাদের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও কুষ্ঠ রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে নবাগত সিভিল সার্জন ডা. মো. নাসিরুউদ্দিনের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর শহরের ঈদগাহ গেট থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাস, ডা. ফয়সাল আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, সালোম এর কো-অর্ডিনেটর সন্ধ্যা মন্ডল, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ। আলোচনা সভা শেষে সালোম’র উদ্যোগে কুষ্ঠরোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)