ছবির ক্যাপশন:
ঝিনাইদহে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনাতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তিনি বলেন, নজরুল ছিলেন একজন বিস্ময়কর বাঙালি প্রতিভা। মাত্র ২৩ বছরেই তিনি বিপুল প্রতিভার জন্ম দিয়ে গেছেন। তিনি ছিলেন অকুতোভয় ও দ্রোহী কবি। তিনি ছিলেন মানবতাবাদী ও সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। নজরুলকে মননে গ্রহণ করার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। এতে একেকজন সুপারম্যান হতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা। এ সময় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইসলাম ইনস্টিটিউটের সচিব মো. আব্দুর রহিম। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে ২৭ জানুয়ারি। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে কবির গান পরিবেশন, আলোচনা সভা ও তাঁর জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
