ছবির ক্যাপশন:
দামুড়হুদার ছয়ঘরিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী আলোচনা সভায় এএসপি আবু রাসেল
দর্শনা অফিস:
‘উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষে সুস্থ মানব অপরিহার্য’ এ স্লোগানে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে মাদক ও চোরাচালানবিরোধী র্যালি, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ও ছয়ঘরিয়া যুবসমাজের আয়োজনে ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলমের সভাপতিত্বে রাত আটটায় মাদক ও চোরাচালানবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল। এ সময় তিনি বলেন, দামুড়হুদা উপজেলার অধিকাংশ এলাকায় সীমান্তবর্তী। সীমান্তবর্তী এলাকা হিসেবে এক শ্রেণির মানুষের মাদক ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। মুষ্টিমেয় কয়েকজন ব্যক্তির মাদক ও চোরাচালান ব্যবসার কারণে এলাকার সুনাম ক্ষুণ্ন ও যুবসমাজ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই সুন্দর দেশ ও সুন্দর সমাজ গড়তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ‘মাদক ও চোরাচালান নির্মূল করতে আপনারা সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তাহলে দেখবেন মাদক ব্যবসায়ী ও চোরাচালানীরা আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্তাজ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী সাইফুর রহমান, আওয়ামী লীগের নেতা আ. রহমান, বাবলুর রহমান, ফরিদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বরকত আলী, শফিকুল ইসলাম, আক্তার হোসেন, এম এ ফয়সাল, সাগর প্রমুখ। আলোচনা সভা শেষে খুলনা ব্যুরো ব্যান্ডের আয়োজনে এক মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন আশরাফুল আলম ও মোমতাজুল ইসলাম শাহীন।
