ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন:
চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে দর্শনা সীমান্তে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্টে করোনা ভাইরাসের সনাক্তকরণে আজ পর্যন্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। ২০২০ সালের চলতি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দর্শনার জয়নগর আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশে প্রবেশ করেছেন আমেরিকা, ফ্রান্স, ইতালী, রাশিয়া, অষ্ট্রেলিয়া, কানাডা, জার্মানী ও ইংল্যান্ডের নাগরিকসহ ইউরোপীয় ২৫ জন নাগরিক। এ সব যাত্রীদের কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই ভারত-বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। জানুয়ারি প্রথম সপ্তাহ থেকেই চীনে ব্যাপক হারে করোনা নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়লে বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দর, সীমান্ত চেকপোস্টে সতর্ক বার্তা প্রদান করা হয়। তবে দর্শনার জয়নগর আর্ন্তজাতিক চেকপোস্টে কোনো সতর্ক বার্তা আসেনি বলে জানিয়েছে দর্শনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে করোনা ভাইরাসের সংক্রামণ ছড়িয়ে পড়ার আগে দর্শনা সীমান্ত চেকপোস্টে বিদেশী নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার দাবি দর্শনাবাসীর। এ ব্যাপারে দর্শনা জয়নগর চেকপোস্টের স্বাস্থ্য সহকারী শাহ জামাল জানান, করোনা ভাইরাস সম্পর্কিত আমাদের কাছে কোনো বার্তা স্বাস্থ্য বিভাগ থেকে এখনও পর্যন্ত দেয়নি, তাই আমরা বিদেশী নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সীমান্ত দিয়ে প্রবেশের অনুমতি দিচ্ছি।
