জীবননগর অফিস:
জীবননগরে পারিবারিক দ্বন্দ্বে পূর্বশত্রুতার জের ধরে গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা একটার দিকে জীবননগর পৌর শহরের ৯ নম্বর ওর্য়াড নতুন তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নতুন তেঁতুলিয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী সোনাহার বেগম (৩৫)। আহত গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘পাশের বাড়ির মহিদের সঙ্গে আমাদের অনেক দিন আগে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়। তারপর থেকে প্রতিনিয়ত আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে। বুধবার দুপুরে আমাকে মহির স্ত্রী খয়রন গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে মহি, খয়রন ও তার ছেলে সোহাগ আমাকে মারধর করে। এ সময় আমার স্বামী বাড়ি এলে তারা চলে যায়।’ অভিযুক্ত মহি বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে।’ জীবননগর পৌরসভার ৯ নম্বর ওর্য়াড কাউন্সিলর আত্তাব হোসেন বলেন, জিয়ারুল ও মহিদের মধ্যে অনেক আগে থেকে দ্বন্দ্ব চলছে। এ বিষয় নিয়ে গ্রামে কয়েকবার মীমাংশা করা হয়েছে। এ ব্যাপারে জিয়াউর রহমান বাদী হয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
