নজর নেই ওষুধ প্রশাসনের, মারাত্মক স্বাস্থ্যঝুঁকি!

আপলোড তারিখঃ 2020-01-23 ইং
নজর নেই ওষুধ প্রশাসনের, মারাত্মক স্বাস্থ্যঝুঁকি! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মুদির দোকানে অবৈধভাবে বিক্রি হচ্ছে ওষুধ আফজালুল হক: চুয়াডাঙ্গা শহরসহ গ্রামাঞ্চলের বিভিন্ন মুদি দোকানে মিলছে নানা রোগের ওষুধ। মুদি দোকানদারেরা বিভিন্ন মুদি-মাল বিক্রির পাশাপাশি ডাক্তারদের চিকিৎসাপত্র ছাড়াই পুরোদমে বিক্রি করছেন এসব ওষুধ। সরকারিভাবে ওষুধ বিক্রি করায় বিধি-বিধান থাকলেও ওষুধ প্রশাসনের নজরদারির অভাবে আছে বলে মনে করেন অনেকে। আর এ সুযোগটাই নিচ্ছেন মুদি ব্যবসায়ীরা। অনুসন্ধানে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরসহ একাধিক মুদি ও চায়ের দোকানে অহরহ মিলছে প্যারাসিটামল। এ ছাড়া গ্যাস্টিক, ব্যাথানাশক বড়িসহ বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ পাওয়া যায় এসব দোকানে। যা সেবনে বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি। এভাবে চলতে থাকলে জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদেরা। যেকোনো বয়সের মানুষের জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, শরীর ও বুক ব্যথা, এসব রোগের জন্য এখন আর চিকিৎসকের কাছে যেতে হয় না। রোগের বর্ণনা দিলে মুদি দোকানদারই ওষুধ দিয়ে দেন। সেই সঙ্গে বলে দেন খাওয়ার নিয়মও। এখানে ওষুধ নিতে কোনো প্রকার টেস্টের প্রয়োজন হয় না, তাই গ্রামের অসচেতন ও হতদরিদ্র মানুষেরা বিভিন্ন রোগের জন্য এখান থেকেই ওষুধ কিনে সেবন করে থাকেন। এমনকি শিশুদেরকেও সেবন করতে দেওয়া হচ্ছে এসব ওষুধ। গ্রামীণ জনপদের বেশির ভাগ মুদি ও চায়ের দোকানে সহজেই মেলে এসব ওষুধ। এমনকি এসব ওষুধের মেয়াদ আছে কি না, তাও না দেখেই বিক্রি করা হয়। এর ফলে মানুষের স্বাস্থ্য ও জীবন যেকোনো সময় পড়তে পারে ভয়ঙ্কর ঝুঁকির মুখে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মুদি দোকানদার বলেন, ‘আমরা জটিল কোনো রোগের ওষুধ বিক্রি করি না। গ্যাস, মাথাব্যথা, জ্বর, কাশি-এ ধরনের রোগের ওষুধ বিক্রি করি। এতে বরং মানুষের উপকারই হয়।’ মুদি দোকানে ওষুধ বিক্রির কোনো প্রকার অনুমতি আছে কি না, জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেন নি। এ ব্যপারে চুয়াডাঙ্গার ড্রাগ সুপার সুকর্ণ আহমেদ বলেন, ‘লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি সম্পূর্ণ অবৈধ। লাইসেন্সকৃত দোকানেও প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। ফার্মেসি ছাড়াও অন্য দোকানে ওষুধ বিক্রির বিষয়ে আমরা কিছু তালিকা হাতে পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালালেও আমাদের যাওয়ার খবর পেয়ে যাচ্ছে তারা। তবে আমরা দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, মুদির দোকানিরা কোনো ভাবেই ওষুধ বিক্রি করতে পারেন না। এটি দণ্ডনীয় অপরাধ। এতে জনগোষ্ঠী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।’ প্রশাসনকে জানিয়ে তাঁদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)