মাদকের প্রকৃত মালিকের নাম নেই মামলায়!

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
মাদকের প্রকৃত মালিকের নাম নেই মামলায়! ছবির ক্যাপশন:
দর্শনায় টাস্কফোর্সের অভিযানে ৬ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তারের ঘটনা দর্শনা অফিস: দর্শনায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করে মাদকবিরোধী টাস্কফোর্স। এ অভিযানে গ্রেপ্তার নারী হলেন দর্শনা দক্ষিণ চাঁদপুর টাওয়ারপাড়ার মৃত দ্বীন মোহাম্মদের স্ত্রী মর্জিনা খাতুন (৫০)। এ ঘটনায় আটক নারী মর্জিনাসহ আরেক নারীকে পালাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর তথ্য ও মাদকের প্রকৃত মালিকের ঘনিষ্ঠজনের স্বীকারোক্তি মোতাবেক, উদ্ধার মাদকের প্রকৃত মালিক হলেন দক্ষিণ চাঁদপুর টাওয়ারপাড়ার আমিরুলের স্ত্রী মাদক ব্যবসায়ী বড় বউ নামখ্যাত রাশিদা খাতুন। কিন্তু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যানুসারে পালাতক আসামি করা হয়েছে একই এলাকার বজলুর রহমান ওরফে মিঠে শাহ্র ছেলে আশাদুল ওরফে আশাকে। মামলায় মাদকের প্রকৃত মালিক বাদ পড়ায় বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাক্সফোর্স এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন টাওয়ারপাড়ার মৃত দ্বীন মোহাম্মদের বাড়িতে। এ সময় তাঁর বসতবাড়ির রান্নাঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় মৃত দ্বীন মোহাম্মদের স্ত্রী মর্জিনা খাতুন ওরফে মজিকে। পরে উদ্ধার করা গাঁজাসহ আটক মর্জিনাকে জেলা মাদকদ্রব্য কার্যালয়ে নেওয়া হয় এবং বেলা সাড়ে তিনটার দিকে মর্জিনাসহ একই এলাকার বজলুর রহমান ওরফে মিঠে শাহ্র ছেলে মাদক ব্যবসায়ী আশাদুল ওরফে আশাকে পালাতক আসামি করে মামলা দায়ের-পূর্বক আটক আসামিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। এ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ ও বিজিবির জোয়ানেরা। এদিকে, এ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করায় মাদকবিরোধী টাস্কফোর্সকে এলাকাবাসী যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমনি মাদকের প্রকৃত মালিককে মামলা থেকে বাদ দিয়ে অন্য এক মাদক ব্যবসায়ীকে পালাতক আসামি করায় এলাকায় চলছে বেশ আলোচনা-সমালোচনাও। তথ্যানুযায়ী, মর্জিনা ওরফে মজির বাড়ি থেকে উদ্ধার ৬ কেজি গাঁজার প্রকৃত মালিক দক্ষিণ চাঁদপুর টাওয়ার পাড়ার আমিরুলের স্ত্রী রাশিদা খাতুন ওরফে বড় বউ বলে এ প্রতিবেদক নিশ্চিত হয়। গত পরশু রাত আনুমানিক ১২টার দিকে পাখিভ্যানযোগে গাঁজার ওই চালানটি তিনি মর্জিনার বাড়িতে রেখেছিলেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আরেক মাদক ব্যবসায়ী বলেন, আমিরুলের স্ত্রী রাশিদা ওরফে বড় বউ গাঁজার চালান প্রায় সময়ই আটক মর্জিনা ওরফে মজির বাড়িতে রেখে যান। পরে সময়-সুযোগ বুঝে এখান থেকে বিভিন্ন স্থানে নিয়ে যান তিনি। টাক্সফোর্স টিমের পক্ষ থেকে ৬ কেজি গাঁজাসহ আটক মৃত দ্বীন মোহাম্মদের স্ত্রী মর্জিনা খাতুন ওরফে মজিকে গ্রেপ্তার ও একই এলাকার বজলুর রহমান ওরফে মিঠে শাহ্র ছেলে আশাদুল ওরফে আশাকে (৪৫) পালাতক দেখিয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)