ছবির ক্যাপশন:
মেহেরপুরে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়ামে উদ্বোধন করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বক্তব্য দেন ও অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইমরান হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি সহিদুল ইসলাম বাচ্চু, রেজাউল হক জোয়ার্দ্দার, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ারুল হক শাহী, অ্যাড. কাজী শহিদুল হক, জিয়াউদ্দিন বিশ্বাস প্রমুখ। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট ফুটবলের উদ্বোধনী খেলায় মেহেরপুর জেলা একাদশ চুয়াডাঙ্গা জেলা একাদশের কাছে ০-১ গোলে পরাজয় বরণ করে। বিজয়ী দলের পক্ষে তরুণ জয়সূচক গোলটি করেন। খেলাটি পরিচালনা করেন পার্থ প্রতিম। তাঁকে সহযোগিতা করেন কামাল ও জুনায়েদ। মেহেরপুর এবং চুয়াডাঙ্গার বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
