ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গার জাফরপুর নতুন স্টেডিয়ামে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ ও মেহেরপুর জেলা একাদশের খেলার মধ্য দিয়ে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ফুটবলে কিক দিয়ে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি আমাদের স্কুলপর্যায় থেকে ফুটবলের প্রতি জোর দিতে হবে। প্রতিভা বিকাশ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এক সময় সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ না নিলেও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি সবরকম সুযোগ-সুবিধা দিচ্ছে। খেলাধুলা করলে মন ভালো থাকে। বর্তমান ছেলে-মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারিরীক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, স্বাধীন বাংলা ফুটবল দলেন কৃতী খেলোয়াড় গোলকিপার আব্দুল মোমেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। আলোচনা সভা শেষে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশ ও মেহেরপুর জেলা একাদশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ফুটবলে কিক দেয়ার মধ্যদিয়ে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় চুয়াডাঙ্গা জেলা একাদশ ২-১ গোলে মেহেরপুর জেলা একাদশকে পরাজিত করে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের শুভ সূচনা করে। খেলার প্রথমার্ধে গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশের পক্ষে শামীম ও তরু একটি করে গোল করেন এবং মেহেরপুর জেলা একাদশের পক্ষে একটি মাত্র গোল করেন হাবিব। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সুজিত ব্যানার্জী চন্দন, চিং, মাসুদুর রহমান ও শামীম কবীর বাবু এবং ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করেন শহিদুল ইসলাম বাচ্চু। স্বাগতিক চুয়াডাঙ্গা জেলা একাদশের কোচের দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন মধু ও মেহেরপুর জেলা একাদশের কোচের দায়িত্ব পালন করেন মুরাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার, সাবেক কৃতী ফুটবলার আব্দুল কাদের, মাহমুদুল হক লিটন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চেম্বার অব কমার্সের সহসভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ।
