ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে, জুয়া খেলার সরঞ্জমাদী, নগদ টাকাসহ আট জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাড়াবাড়ীয়া গ্রামের বাগানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাড়াবাড়ীয়া গ্রামের বাগান পাড়ার সিতাব আলীর ছেলে মজনু (৩৫), একই এলাকার মৃত ওলিয়ারের ছেলে জুয়েল (৩০), আতিয়ার রহমানের ছেলে জামাল (৪০), মৃত আব্দুর ছাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩০), মৃত নিজাম মণ্ডলের ছেলে শমসের আলী (৪০), মৃত হাশেম আলীর ছেলে ইলিয়াস (৪২), মৃত মুলুকচাদ মণ্ডলের ছেলে আয়াতুল্লাহ (৩০) ও মসজিদ পাড়ার নিমছার আলীর ছেলে মতিয়ার (২৮)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ির পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের বাগানপাড়া এলাকায় একটি চায়ের দোকানের পাশে একটি জুয়ার আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদী ও নগদ ৫ হাজার ৩৫৪ টাকাসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁদের আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।
