ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান মতি এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে সামাজিক বিরোধের জের ধরে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ করেছেন। গতকাল রোববার হলিধানী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেন, তাঁর গ্রামে সামাজিক প্রতিপক্ষ রয়েছে। তারাই সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে মিথ্যাচারে লিপ্ত। জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইউনিয়নের সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাস্টার, হলিধানী ইউনিয়নের সদস্য আবুল হোসেন, কবির হোসেন, আব্দুর রাজ্জাক, খলিলুর রহমান, হালিমা খাতুন, তাইজুল ইসলাম, শামছুন নাহার, শরিফুল ইসলাম, পারুলা খাতুন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে মতিয়ার রহমান মিত উল্লেখ করেন, ‘স্থানীয় নাটাবাড়িয়া গ্রামের ৩ ব্যক্তি আমার বিরুদ্ধে ১০ টাকা কেজি দরের চালের কার্ড ও ঘর তৈরি করতে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেন। তাদের এ অভিযোগের কোনো সত্যতা নেই। এসব মিথ্যাচার করেও যখন তারা আমাকে ঘায়েল করতে পারেনি, তখন তারা আমাকেসহ আমার পরিবারের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দেয়। পুলিশ তদন্ত করে সেটারও সত্যতা পায়নি। ওই মহলটি ফেসবুকসহ বিভিন্ন অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যমে কল্পিত ও বানোয়াট অপপ্রচার চালিয়ে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি করছে।’ তিনি সাংবাদিকদের মাধ্যমে এই অপপ্রচারের বিচার দাবি করেন।
