ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দামুড়হুদার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জুড়ানপুর গ্রামের আনোয়ার হোসেনের দুই ছেলে সাইদুল ইসলাম খোকা (৩২) ও আনারুল ইসলাম (২৪)। এ সময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সাইদুল ইসলামের মাথার আঘাত গুরুতর হওয়ায় চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে রেফার্ড করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইদুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁর মামা লিয়াকতের পরিবারের বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে জমিতে কাজ করতে যান সাইদুল ও তাঁর ছোট ভাই আনারুল। এ সময় ওই জমি নিয়ে ভতিজা সোহেল (৩০), মামা লিয়াকত (৪৫) ও মামাতো ভাই রমজানের সঙ্গে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে সাইদুল ও আনারুল গুরুত্বর জখম হন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সাইদুল ইসলামের মাথার আঘাত গুরুত্বর হওয়ায় চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। এরপর পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখেন।
সহিদুল ইসলামের পিতা আনোয়ার হোসেন জানান, তাঁর শ্যালক বিলাত আলী দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করেন। বিলাত আলী ভারত যাওয়ার পূর্বে তিনি ওই জমি তাঁর কাছ থেকে লিজ নিয়ে চাষাবাদ করেন। এই জমি নিয়ে সোহেল, লিয়াকতদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহামান জানান, রোগীর মাথায় দুটি, কানে একটি কোপসহ পায়েও আঘাতের চিহ্ন আছে। রোগীর মাথার জখম গুরুতর হওয়ায় তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাইদুল ইসলাম খোকা চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
