ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে চুয়াডাঙ্গা জেলার ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ সব উপজেলা নির্বাহী অফিসার, কালেক্টরেটের সব নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চুয়াডাঙ্গা জেলার রাজস্ব প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
সভায় বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার চুয়াডাঙ্গা জেলার রাজস্ব প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখার বিষয়ে সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জনগণকে শতভাগ সেবা প্রদানের বিষয়ে বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের জন্য উদাত্ত আহবান জানান তিনি। জনগণের করের টাকায় লেখাপড়া শিখে সরকারি চাকরি নিয়ে তাঁদের সেই ঋণ কিছুটা হলেও পরিশোধ করার যে সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগকে কাজে লাগানোর জন্যও সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের সঙ্গে সুন্দর ব্যবহার করার বিষয়টির ওপর গুরুত্ব দেন তিনি।
ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনের মাধ্যমে দেশকে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কর্তৃক সরকারি কর্মচারীদের উদ্দেশে দেওয়া উক্তি ‘সরকারি কর্মচারীদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের খাদেম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ভাই, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে’ নির্দেশনা মনে করে, তা বস্তবায়নের জন্য আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
