ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলায় ছাত্রলীগে অনুপ্রবেশকারী মাদকসেবী, বিএনপি-জামায়াত ও রাজাকারপুত্রদের নিয়ে গঠিত নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার শহিদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও পদবঞ্চিত উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। লিখিত বক্তব্যে তিনি বলেন, গাংনীতে বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশকারী শিশিরপাড়া গ্রামের রাজাকারপুত্র আমিনুল ইসলাম সেন্টুকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে গাড়াডোব পোড়াপাড়ার বিএনপি পরিবারের ফয়সাল আহমেদ শিশিরকে কমিটিতে স্থান দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। সংবাদ সম্মেলনে মৃদুলকে একজন মাদকসেবী দাবি করে বক্তারা বলেন, নেশার টাকার জোগান দিতে গঠনতন্ত্রের বাইরে গিয়ে অর্থ লেনদেনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দিয়েছেন তিনি । এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদ হাচিবসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
