ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ ব্রিজের কাছে কাভার্ড ভ্যানের ধাক্কায় সোহাগ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শৈলকুপার মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিহত সোহাগ একই উপজেলার রানীনগর গ্রামের ইসাহাক বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানান, গতকাল বুধবার বেলা ১১টার দিকে সোহাগ রানীনগর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে কলেজে আসছিলেন। তিনি গাড়াগঞ্জ নতুন ব্রিজের ওপর উঠলে একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ঘটনাস্থলেই পড়ে আছে। উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এদিকে, সোহাগ নিহত হওয়ার খাবর মিয়া জিন্না আলম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ শহর থেকে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
