জীবননগর অফিস:
কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মুন্সীগঞ্জ জেলার আতিয়ার জীবননগর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার সময় কোটচাঁদপুরে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া আতিয়ার রহমান (৪০) মুন্সীগঞ্জ জেলার তুংগীবাড়ি উপজেলার হাটখোলা গ্রামের পীরবক্স ব্যাপারীর ছেলে। অজ্ঞান অবস্থায় তাঁকে ইউনিক পরিবহনের সুপারভাইজার উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানা গেছে, আতিয়ার রহমান বর্তমানে হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন থাকায় তাঁর কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাঁর কাছের পাসপোর্ট থেকে ধারণা করা হচ্ছে তিনি ব্যবসায়িক কাজে মাঝেমধ্যেই দর্শনা হয়ে ভারতে যাতায়াত করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মডিকেল অফিসার ডা. নাজমুল শাকিব বলেন, রোগী যেহেতু এখন অসুস্থ, তাই তাঁর নিকট থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। রোগীর কাছে থাকা পাসপোর্ট থেকে নাম-ঠিকানা জানা গেছে। চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি এবং রোগীকে হাসাপাতালে দেখতেও গিয়েছিলাম। তবে এখনো সে অসুস্থ। এ কারণে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সুস্থ হলে আসল ঘটনাটি জানা যাবে।’
