ছবির ক্যাপশন:
মেহেরপুরে জমির নাম খারিজের নামে অতিরিক্ত অর্থ আদায়
মেহেরপুর অফিস:
মেহেরপুরে জমির নাম খারিজ করার নাম করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে গোলাম মোস্তফা নামের এক মুহুরিকে শোকজ করেছে ভূমি কর্মকর্তা মাঈনউদ্দিন। পরবর্তীতে ভূমি অফিসে সালিশ বৈঠকে মোস্তফা মুহুরি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর ভূমি অফিসে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
নাম খারিজের ভুক্তভোগী শাহাবুদ্দিন বলেন, ‘নাম খারিজের নাম করে কয়েক দফায় মোস্তফা মুহুরি আমার কাছে থেকে ৩ হাজার ৫ শ টাকা নিয়েছেন। কিন্তু সরকারি ফিস হচ্ছে ১১৫০ টাকা।’ এ ছাড়াও ভুক্তভোগী এক বাবা ও তাঁর মেয়ে জানান, তাঁদের কাছে থেকেও জমির নাম খারিজ করার নামে ৩ হাজার টাকা নিয়েছেন মোস্তফা। পরে তিনি ৫শ টাকা তাঁদের ফেরত দেবেন বলে জানান। কিন্তু পরে আর টাকা ফেরত দেননি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাঈন উদ্দিন বলেন, ভূমি অফিসের নাম করে কিছু অসাধু মানুষ বিভিন্নভাবে সাধারণ জনগনের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় করছেন। এমন অভিযোগের ভিত্তিতে মোস্তফা নামের এক মুহুরিকে তলব করা হয়। তিনি অতিরিক্তি অর্থ আদায় করেছেন বলে স্বীকার করেন। পরে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘মেহেরপুর ভূমি অফিসে শুধুমাত্র সরকারি ফিস দিতে হয়। এখানে অতিরিক্ত কোনো অর্থ লাগে না। আমরা জনগণকে সঠিক সেবা দিতে বদ্ধ পরিকর। ভূমি অফিসের নামে যদি কেউ অতিরিক্ত অর্থ আদায় করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যাঁরা ভূমি সেবা নিতে চান, তাঁরা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন। কোনো রকম দালালের হাতে জমি-সংক্রান্ত কোনো বিষয়ে সহযোগিতা চাইবেন না।’
