ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারাভিযান মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, রূপান্তর ও আত্মবিশ্বাসের আয়োজনে হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও অ্যাডভোকেসি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহা, একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি।
সভায় বক্তারা বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুকে যদি আপন সন্তান হিসেবে আমরা মনে করি, তাহলে শিশু সহিংসতা বন্ধ হবে। তাই সবার উচিত শিশু নির্যাতন বা সহিংসতা বন্ধ করার বিভিন্ন পদক্ষেপ নেওয়া। শিশু নির্যাতনকে প্রতিহত করতে হবে। পরিবার থেকে শুরু করে সব ক্ষেত্রে তারা যেন সহিংসতামুক্ত পরিবেশ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল যেন আমরা উপহার দিতে পারি, সেজন্য সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’
সভাটি উপস্থাপনা করেন আত্মবিশ্বাসের কমিউনিকেশন ম্যানেজার হাসানুজ্জামান। এ সময় চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
