ছবির ক্যাপশন:
জীবননগর উথলীতে আইনশৃঙ্খলা রক্ষা, ভিলেজ ডিফেন্স কমিটি গঠন ও
প্রতিবেদক, উথলী:
‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ স্লোগানে জীবননগর উপজেলার উথলী বাজারে আইনশৃঙ্খলা রক্ষা, ভিলেজ ডিফেন্স কমিটি গঠন ও মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উথলী বাজার কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কফিলউদ্দিন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিল্টু, উথলী ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান হেলা, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ওবাইদুল হকসহ রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ওসি সাইফুল ইসলাম মাদকাসক্ত ব্যক্তিদের মাদক গ্রহণ থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘গ্রামে গ্রামে রাতে পাহারা জন্য কমিটি গঠন করতে হবে। আপনার এলাকায় অচেনা কোনো মানুষকে ঘোরাঘুরি করতে দেখলে আপনি তার পরিচয় জানতে চাইবেন। সন্দেহজনক হলে পুলিশকে জানাবেন, পুলিশ আপনাকে সহযোগিতা করবে।’
অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উথলী ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আবু জাফর।
