ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবারের মত এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২০। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ আজ থেকে শুরু হয়ে ১০ই জানুয়ারি পর্যন্ত চলবে। পুলিশ সদরদপ্তরসূত্রে জানা গেছে, রাজারবাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্যে দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে প্রধানমন্ত্রী সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এবার পুলিশ সপ্তাহে ২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ৫৬ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তাদেরকে আজ পদক প্রদান করবেন। পরে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুণাক) স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ প্যারেডে যোগ দিবেন। পুলিশ সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সম্মেলন। পুলিশ অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরত পুলিশ অফিসারদের পুনর্মিলনী, মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের সঙ্গে আইজিপিরি সম্মেলন এবং পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। শেষদিন আইন শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময়ের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে পুলিশ সপ্তাহের।
