আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন রবিউল নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভাংবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসী ছানোয়ার হোসেনের স্ত্রী এক সন্তানের জননী রেখা খাতুনের (২৮) সঙ্গে মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিরঘোপা গ্রামের রবিউল হোসেন (৩২) পরকীয়া চলছিল। এ সম্পর্কের জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভাংবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসী ছানোয়ার হোসেনের বাড়ি থেকে এ দুজনকে আটক করে স্থানীয়রা। এরপর স্থানীয়রা তাঁদের দুজনকে একই ঘরে আটকে রেখে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে পুলিশ আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে প্রবাসী ছানোয়ার হোসেনের স্ত্রী রেখা খাতুন বলেন, ‘আমার সঙ্গে রবিউলের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। পরে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। রবিউল আমাকে ফোন করি। তাঁকে আমার বাড়িতে আসতে বললে সে আমার বাড়ি আসে।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, ‘রবিউল মাঝেমধ্যে প্রবাসীর বাড়িতে আসত। এক সপ্তাহ আগে রবিউলকে জিজ্ঞাসাবাদ করলে সে ঠিক মতো কিছুই বলতে পারে না। এ কারণে তাঁর ওই বাড়িতে যাওয়ার বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয় এবং আমরা তাঁকে আসতে বারণ করি। এ ছাড়াও একবার রবিউল প্রবাসীর স্ত্রীকে মোটরসাইকেলে তোলার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় সটকে পড়েছিল। গতকাল সে আবার ছানোয়ারের স্ত্রীর সঙ্গে দেখা করতে আসে। এ সময় আমরা দুজনকে আটক করে পুলিশে দিই।’
