ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার জাহাপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে স্থানীয় এক ক্ষুদ্র ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব জীবন পার করছেন। গত ২৬ ডিসেম্বর গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস। ওই রাতেই আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী জহির উদ্দীন নিঃস্ব হয়ে পড়েন। স্থানীয়দের অনুদানে চলছে তাঁর সংসার।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর বিশ্বাস পাড়ার মৃত সাবান জোয়ার্দ্দারের ছেলে জহির উদ্দীন মুদি ব্যবসা করে সংসার পরিচালনা করতেন। জমি-জায়গা না থাকায় বাড়ির পাশেই ছোট কাঠের দোকানে মুদি ব্যবসা করে দুটি ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে চলছিল তাঁর সংসার। গত ২৬ ডিসেম্বর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। জহির উদ্দীনের দোকান পুড়ে যাওয়ায় বর্তমানে তিনি নিঃস্ব হয়ে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরছেন। স্থানীয়দের দেওয়া অনুদানেই চলছে জীবন-জীবিকা।
স্থানীয় ইউপি সদস্য সন্টু জানান, ‘জহিরের একটি কাঠের দোকান ছিল। এ দোকান চালিয়ে সে সংসার চালাত। গত ২৬ ডিসেম্বর রাতে তার দোকান পুড়ে যাওয়ায় সে নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে স্থানীয়দের সহযোগিতায় তার জীবন-জীবিকা চালছে।’
নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন বলেন, ‘জহির ছেলেটি খুব নিরীহ। এ দোকান দিয়ে তার পরিবার চলত। দোকানঘরটি পুড়ে যাওয়ায় সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ফরমে সহযোগিতা চেয়ে আবেদন করলে সরকার তাকে যথাসাধ্য সহযোগিতা করবে।’
