ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার মোক্তারপুর মাঠে রাতের আধারে ১০ কাঠা ফলন্ত ভুট্টাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এসব ভুট্টাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ ভুট্টাখেতের মালিক সাইদুর রহমান টোকন দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও মোক্তারপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের সাইদুর রহমার টোকন প্রতিদিনের মতো বুধবার সকালে কৃষিকাজের জন্য মাঠে খেত দেখতে গিয়ে দেখেন, তাঁর ফলন্ত ১০ কাঠা জমির ভুট্টাগাছ কাটা পড়ে আছে। তিনি অনেক ঋণ করে ২৫ কাঠা ভুট্টা আবাদ করেছিলেন। তার মধ্যে ১০ কাঠা ভুট্টাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তার এই ফলন্ত খেতের ফসল কেটে দেওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে বুধবার রাতে টোকন দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে তাঁর ফলন্ত ভুট্টাগাছ কেটে দেওয়ায় ১৫ হাজার টাকার মতো ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানিয়েছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দামুড়হুদার মোক্তারপুর মাঠে ভুট্টাগাছ কর্তনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ ভুট্টাখেত পরিদর্শন করেছে। তদন্তপূর্বক অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
