ছবির ক্যাপশন:
আজ নতুন বই পাবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা
বিশেষ প্রতিবেদক:
আজ পহেলা জানুয়ারি। বছরের প্রথম দিন। বছরের প্রথমদিনে নতুন কিছু পাওয়া সবার জন্যই আনন্দের। তাই বিগত বছরের ধারাবাহিকতায় এবারও সারা দেশে একযোগে বই উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গায় প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ২৫ লাখ শিক্ষার্থী পাবে নতুন বই। ইতিমধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি।
আজ সকালে জেলা সদরের এম এ বারী মাধ্যমিক বিদ্যালয় ও খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উপস্থিত থাকবেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। বই উৎসবে সামিল হওয়ার সম্মতি জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাহিদা অনুযায়ী ৭ লাখ ১০ হাজার ৭৪৮টি বই হাতে পেয়েছি। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় (১ম-৫ম) ৬ লাখ ৬৫ হাজার ৯৫৮টি ও প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ হাজার ৭৯০টি। অফিসে ২৯টি বই রেখে বাকি সবগুলো বই চার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দেওয়া হয়েছে। বছরের প্রথমদিনই এসব বই উঠবে শিক্ষার্থীদের হাতে।
এদিকে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে চাহিদার শতভাগ বই পাওয়া গেছে।
তাদের দেওয়া তথ্যানুযায়ী, মাধ্যমিকে (বাংলা ভার্সন) বইয়ের চাহিদার ১৩ লাখ ৮৫ হাজার ৭০০টি বই এর পুরোটাই এসে গেছে। মাধ্যমিক (ইংরেজি ভার্সন) ১ হাজার ৩৭০টি, দাখিলের চাহিদার ১ লাখ ৮১ হাজার ৫৩৫টি বইয়ের সবগুলো এসে গেছে। ইবতেদায়ি চাহিদার ৮৮ হাজার ৮৬০টির পুরোটাই পাওয়া গেছে। এসএসসি ভোকেশনালের চাহিদার ৩৫ হাজার ৬৩৭টি, দাখিল ভোকেশনাল ১ হাজার ১২০টি ও ট্রেড বই ১৭ হাজার ২৭৯টির সবকটি এসে পৌছিয়েছে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, ‘বিদ্যালয়গুলোতে বই পাঠানোর কাজ শেষ হয়েছে। বছরের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেয়া হবে।’
