ছবির ক্যাপশন:
দর্শনায় শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননাসহ কম্বল বিতরণ অনুষ্ঠানে এমপি টগর
দর্শনা অফিস:
দর্শনায় শ্রেষ্ঠ সন্তান ও শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননাসহ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দর্শনা পুরাতন বাজার পৌর মার্কেট-সংলগ্ন পৌর প্রবীণ কমিটির কার্যলায়ে এ সম্মাননা প্রদান ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন ও পৌর প্রবীণ কমিটির আয়োজনে কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘প্রবীণরা যে আমাদের অভিভাবক, তা ভুলে গেলে চলবে না। তাঁদের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।’ ওয়েভ ফাউন্ডেশন ও পৌর প্রবীণ কমিটির এ ধরনের মহৎ আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন প্রবীণদের সংস্পর্শে আসতে পারি, তেমনই প্রবীণ পিতা-মাতার প্রতি সন্তানরা যত্নবান হন। তা ছাড়া অনুপ্রাণিত হয়ে প্রবীণরা তাঁদের বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যায় বিশেষ ভূমিকা রাখতে পারে।’
ওয়েভ ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, কেরু অ্যান্ড কোম্পানির সাবেক মহাব্যবস্থাপক খালেকুজ্জামান, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য ফজলুর রহমান ও দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্যসচিব গোলাম ফারুক আরিফ।
এ সময় শেষ্ঠ সন্তান হিসেবে শরিফুল ইসলাম, হাজি বছির উদ্দিন ও আবু সালেহ এবং শ্রেষ্ঠ প্রবীণ হিসেবে আনছার আলী, আজাদুল ইসলাম আজাদ, সহিদুর রহমান ও হাবিবুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়। পরে ১ শ জন শীতার্ত ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয়।
