ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ট্রাকচাপায় প্রভাত শর্মা (২৮) নামের এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন জসিম উদ্দিন নামের আরও একজন। গতকাল শনিবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাজারের তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রভাত শর্মা ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার তপন শর্মার ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সকালে সেলুন ব্যবসায়ী প্রভাত শর্মা তাঁর দোকানের কর্মচারী জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে যাচ্ছিলেন। পথে গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রভাত শর্মা নিহত হন। আহত হন জসিম উদ্দিন। তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
