ছবির ক্যাপশন:
বড়দিন উদ্যাপনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে এসপি জাহিদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বড়দিন উদ্যাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারেরর কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে চুয়াডাঙ্গা জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, জেলা পুলিলেশ বিভিন্ন স্তরের কর্মকর্তাকর্মচারীসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দেওয়া দাওয়াত কার্ড গ্রহণসহ বড়দিন উদ্যাপনে উপস্থিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বড়দিন উদ্যাপন উপলক্ষে সবাইকে সচেতন থাকতে হবে। খেয়াল রাখতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে। অযথা কাউকে বিরক্ত না করে সঠিক তথ্য-উপাত্ত দিয়ে পুলিশকে সহযোগিতা করার কথা বলেন তিনি। এ সময় সবাইকে সতর্ক করে তিনি আরও বলেন, বড়দিন উদ্যাপনকালে মাদকের কোনো স্পর্শ যেন সেখানে না থাকে।
