ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের খসড়া
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন ২০২০-২০২১-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এ সংগঠন দুটির নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন। ২৯ ডিসেম্বর রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির দুই সদস্য অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও অ্যাড. আবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়া দপ্তর সম্পাদক রিফাত রহমান, সিনিয়র সাংবাদিক এম এম আলাউদ্দিন ও সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল অনুযায়ী চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং সাংবাদিক সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে পৃথকভাবে একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আজ ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। মনোনয়নপত্র সংগ্রহ ২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টায়। মনোনয়নপত্র দাখিল ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টা। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ২৫ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টা। ভোট গ্রহণের দিন ২৯ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
