ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাহারুল ইসলাম ওরফে খোকন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। গত সোমবার রাত পৌনে দুইটার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের পাকাখালের কাছে কৃঞ্চচন্দ্রপুর মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত খোকন ডাকাত দলের সদস্য। তিনি একাধিক ডাকাতি মামলার আসামি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃঞ্চচন্দ্রপুর মাঠে পাকাখাল নামক স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে, এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে যায়। পুলিশ দেখে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অন্যরা পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই যুবক একাধিক ডাকাতি মামলার আসামি বলে জানান ওসি।
