ছবির ক্যাপশন:
দর্শনায় সপ্তাহব্যাপী বিজয় মেলা ও নাট্যোৎসবের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস:
দর্শনায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সপ্তাহব্যাপী বিজয় মেলা ও নাট্যোৎসব শুরু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মেলা ও নাট্যোৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্য এমপি টগর বলেন, ‘৩০ লাখ শহীদ, মা-বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ৯ মাস লড়াই-সংগ্রামের মধ্যে দিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট গভীর ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করা হয়। জাতির জনকের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি ষড়যন্ত্রকারী পশ্চিশ পাকিস্তানের দোষররা। খন্দকার মোস্তাক, বিএনপি-জামায়াত-শিবির এবং স্বৈরাচার এরশাদ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দেশে উন্নয়ন হয়নি, বরং চলেছে নানা ষড়যন্ত্র। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকেও তাঁরা ২১ বার হত্যার চেষ্টা করেছে। আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস ও নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ব্যাপকভাবে উন্নয়ন ধারা অব্যাহত রেখে যাচ্ছে। আমি দর্শনা সরকারি কলেজের একাডেমি ভবন এবং দর্শনা ডি এস মাদ্রাসার ভবন নির্মাণে বরাদ্ধ দিয়েছি। আগামী মঙ্গলবার তা উদ্বোধন করা হবে।’ তিনি মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তিকে প্রতিহত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন আগ্রযাত্রা এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান আলী মুনসুর বাবু ও গোলম ফারুক আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল আলম।
