ছবির ক্যাপশন:
পাঁচকমলাপুর হাফিজিয়া মাদ্রাসার ১৩তম তাফসিরুল কোরআন মাহফিল কাল
বিশেষ প্রতিবেদক:
আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) আলমডাঙ্গার ঐতিহ্যবাহী পাঁচকমলাপুর হাফিজিয়া মাদ্রাসার ১৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন চলছে প্যান্ডেল-মঞ্চ নির্মাণসহ আনুসাঙ্গিক কার্যক্রম। তবে বিগত বছরের থেকে এবারের আয়োজনের তোঁড়জোর একটু বেশিই। কারণ বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় আর আলোচিত বক্তা, বিশিষ্ট ইসলামিক স্কলার ও কোরআন গবেষক শায়খ মিজানুর রহমান আল আজহারী আসছেন এই মাহফিলে। তিনি প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাঁচকমলাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। পাঁচকমলাপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মুফতি আলী আকবর।
এদিকে, ১৩তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার পাশ্ববর্তী প্রায় ৩০ বিঘা জায়গাজুড়ে মাহফিলের মূল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। নির্মাণ করা হয়েছে ৭৫ হাজার বর্গফুটের সুবিশাল প্যান্ডেল ও ৫ শ বর্গফুটের (৩০/২০) মঞ্চ। যেখানে একসঙ্গে ৫০-৬০ হাজার মানুষ বসে এবং বিস্তৃত এলাকাজুড়ে প্রায় সাড়ে ৩ লক্ষাধিক মানুষ মাহফিল দেখতে এবং শুনতে পারবেন। এ ছাড়াও মহিলাদের জন্য ৫ বিঘা জায়গাজুড়ে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। তাঁরা সেখানে বসে প্রজেক্টরের মাধ্যমে মাহফিল উপভোগ করবেন। বিস্তৃর্ণ মাঠের সবজায়গা থেকেই যেন মাহফিল উপভোগ করতে পারে, এ কথা মাথায় রেখে ভিডিও ক্যামেরার মাধ্যমে সাদা পর্দায় মঞ্চ ও বক্তার ভিডিও চিত্র দেখার সুবিধার্তে ডজন খানেক প্রজেক্টরের ব্যবস্থা রাখবেন আয়োজকরা। যাঁরা দূরদুরান্ত থেকে ছোট-বড় যানবাহন নিয়ে মাহফিলে অংশ নেবেন, তাঁদের জন্যও নেওয়া হয়েছে আগাম প্রস্তুতি। সার্বক্ষণিক আয়োজন তদারকি করছেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শনিবার দুপুরে জোহরের নামাজের স্থানীয় মুসল্লি, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, যুবক ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেন তাঁরা। আয়োজনে যেন কোনো ঘাটতি না থাকে, সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে সবাইকে।
যেভাবে পাঁচকমলাপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে আসতে পারবেন:
দেশের যেকোনো প্রান্ত থেকে চুয়াডাঙ্গা একাডেমি মোড়ে আসলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। এখান থেকে বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকার, সিএনজি, অটো-ইজিবাইক, ভ্যান, রিকশা নিয়ে আলমডাঙ্গা সড়ক ধরে ৫ কিলোমিটার সামনে যেতে হবে। সড়কটি ধরে সামনে যেতে বাম পাশে ব্রিজ মোড় নামক জায়গা পাওয়া যাবে। সেখান থেকে সাড়ে ৪ কিলোমিটার সামনে গেলেই মাহফিল ময়দানে পৌঁছানো যাবে। কুষ্টিয়া অঞ্চল থেকে পাঁচকমলাপুরে আসতে প্রথমে আলমডাঙ্গা শহরে আসতে হবে আপনাকে। সেখান থেকে ৯ কিলোমিটার আসলে ব্রিজ মোড় নামক একটি জায়গা পাওয়া যাবে। ব্রিজ মোড়ে এসে মাহফিলের তোরণ দেখে আপনাকে সামনে এগুতে হবে। সেখান থেকে সাড়ে ৪ কিলোমিটার সামনে গেলেই মাহফিল ময়দানে পৌঁছানো যাবে। যানবাহন রাখতে প্রস্তুত করা হয়েছে বিশালকার খোলা মাঠ। মাহফিল ময়দান থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই মাঠে যানবাহন রাখতে পর্যাপ্ত আলো ও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে ৩ শতাধিক স্বেচ্ছাসেবক।
