হিজুলীতে অবরুদ্ধ পরিবার, হস্তক্ষেপ কামনা!

আপলোড তারিখঃ 2019-12-10 ইং
হিজুলীতে অবরুদ্ধ পরিবার, হস্তক্ষেপ কামনা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি পরিবারকে বলে অভিযোগ উঠেছে। গ্রামবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ যাবৎ হিজুলী গ্রামের মরহুম খবির মালিথার ছেলে সবজান আলীর বসতবাড়ির চারদিকে বাঁশের বেড়া ও কাঁটা দিয়ে ঘিরে বাড়ি থেকে বের হওয়ার পথ অবরুদ্ধ করে রেখেছেন তাঁরই পাঁচ সহোদর। পিতার জমির অংশে সবাই দশ শতক করে ভাগ পেলেও সবজানের অংশে বার শতক জমি আছে বলে দাবি ভাইদের। অতিরিক্ত দুই শতক জমি ফেরত পাওয়ার জন্য পাঁচ ভাই মিলে তাঁদের জমির সীমানায় বাঁশের বেড়া ও কাঁটা দিয়ে ঘিরে সবজান আলীর বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি অবরুদ্ধ করে রেখেছেন। সবজান আলীর কলেজপড়–য়া মেয়ে মরিয়ম খাতুন বলেন, ‘এভাবে যাতায়াতের পথ অবরুদ্ধ করে রাখার কারণে আমরা কেউই বাড়ি থেকে বের হতে পারছি না। এমনকি আমি আমার ২য় বর্ষের টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।’ এ বিষয়ে সবজানের স্ত্রী বলেন, ‘শ্বশুরের জমির অংশ রাস্তার জন্য সবাই আট হাত বাদ রেখে দশ শতক করে ভাগ পেয়েছি। শ্বশুরের দান করা অতিরিক্ত দুই শতক জমি আমাদের নামে রেজিস্ট্রি আছে। কিন্তু ওই দুই শতক জমি আছে রমজান ও নিয়াজের জমির অংশে। তাঁরা জোরপূর্বক ওই দুই শতক জমি আমাদের কাছ থেকে রেজিস্ট্রি করে দখল নিতে চাই। আমরা জমি দিতে না চাইলে সবাই মিলে ষড়যন্ত্র করে আমাদের চলাচলের পথটি আটকিয়ে দেয়। চলাচলের একমাত্র পথটি অবরুদ্ধ করায় গরু-ছাগল, হাঁস-মুরগি নিয়ে আমরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি।’ এলাকাবাসীরা জানান, সংঘর্ষ এড়াতে এ জমি-সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। সবজান আলীর লিখিত অভিযোগে জানা যায়, সবজানের পিতা মরহুম খবির মালিথা তাঁকে বসতবাড়ির একটি জমি দান করে গেছেন। প্রায় ৩০ বছরের বেশি সময় সবজান আলী তাঁর ওই জমিতে বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে সবজানের পাঁচ ভাই নিহাজ আলী, বাবুর আলী, রমজান আলী, কামাল হোসেন ও জামাল হোসেন তাঁর বাড়ির সামনে চলাচলের রাস্তায় বাঁশের চটা ও কাঁটা জাতীয় ডালপালা দিয়ে রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছেন। এ বিষয়ে তিনি মেহেরপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ ভাইকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। মামলা নম্বর ৩৪৬/১৯, তারিখ ০১/১২/১৯।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)