ছবির ক্যাপশন:
জীবননগরে অধিগৃহীত ভূমির মালিকদের মধ্যে চেক বিতরণকালে ডিসি
জীবননগর অফিস:
জীবননগরে মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত স্থানের জমির মালিকদের মধ্যে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড দৌলৎগঞ্জ পাড়ায় এ চেক বিতরণ অনুষ্ঠান হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধিগৃহীত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে চেক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দেশে যেভাবে উন্নয়ন করে চলেছে, তা তুলনা করার মতো নয়। সাধারণ মানুষ কখনই চিন্তা করতে পারেনি যে উপজেলাভিত্তিক কোনো মডেল মসজিদ হবে। কিন্তু তা আজ বাস্তবায়ন হচ্ছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, শিক্ষা ক্ষেত্রেও করেছে ব্যাপক উন্নয়ন। তাই এলাকায় কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে হলে এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে।
এ সময় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার, জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জনসহ স্থানীয় সুধী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
