প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আলী ও ২ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সামসুল হক মধু নিজেদের পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
জানা গেছে, গত রোববার বেলা তিনটায় খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খোকনসহ স্থানীয় নেতারা মিলে ইউপির ১ ও ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করেন। কমিটিতে ১ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাজাহান আলী ও ২ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সামসুল হক মধুকে নির্বাচিত করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় শারীরিক ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে দুজনই স্বেচ্ছায় অব্যাহতি প্রসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনের কাছে একটি আবেদনপত্র জমা দেন।
এ বিষয়ে মধু ও শাহাজাহান বলেন, ‘আমরা আওয়ামী লীগ দলকে ভালোবাসি, তাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সব কর্মকা- পরিচালনা করি। যার ফলে স্থানীয় নেতারা আমাদের পদে পদস্থ করেছেন। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে আমাদের পক্ষে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন অসম্ভব হয়ে পড়েছে। আমরা পদ ছেড়ে দিলেও আওয়ামী লীগের সঙ্গেই আছি সব সময়।’
