সম্পাদকের কথা: সময়ের সমীকরণ এখন এক আস্থার নাম

আপলোড তারিখঃ 2019-11-23 ইং
সম্পাদকের কথা: সময়ের সমীকরণ এখন এক আস্থার নাম ছবির ক্যাপশন:
কতটা পথ হাঁটলে তাকে পথিক বলা যায়? ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই ভাবনা হয়তো অবান্তর। তবে সময়ের হাত ধরে সততার শক্তিতে বলীয়ান হয়ে এই চার বছরের পথচলা আমাদের শিক্ষা দিয়েছে অনেক কিছু, আর সময়ের সমীকরণ যে ভালোবাসা পেয়েছে, তাতে আমরা অভিভূত। মহাকালের নিরিখে সংক্ষিপ্ত এই সময়ে সময়ের সমীকরণ পাঠকের যে আস্থা অর্জন করেছে, সেটিই আমাদের অর্জন, আর আগামী দিনের পথচলার পাথেয়। আস্থার সংকট আজ সারা দেশব্যাপী। এই আস্থার সংকটের জন্য আমাদের দেশে গণতান্ত্রিক সংস্থাগুলো তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না, যা সংকটের আকার ধারণ করে একটি ক্রান্তিলগ্ন পার করছে। আমরা সবাই সবকিছুতে আজ আস্থাহীনতায় ভুগছি। এই আস্থাহীনতার সংস্কৃতির মধ্যেও সময়ের সমীকরণ-এর পাঠকেরা যে আস্থা অর্জন করেছে, তা অভাবনীয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা সময়ের সমীকরণ-এর সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিবাদন ও ভালোবাসা জানাতে চাই। অনেকে আমাদের সঙ্গে ছিল, আজ হয়তো সঙ্গে নেই, তাঁরাসহ সময়ের সমীকরণ আজ তার পাঠক, সংবাদকর্মী, বিক্রয় প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, প্রকাশনা সহযোগী, পরিবহনকর্মীসহ সবাই মিলে একটি বিশাল পরিবার। এই পরিবার হয়ে ওঠা আমাদের অর্জনগুলোর অন্যতম। আজ আমরা সবাই মিলে সত্য প্রকাশে বদ্ধপরিকর। আমাদের এলাকার উন্নয়ন আমাদেরকেই করতে হবে। সে ক্ষেত্রে আমাদের যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সম্মিলিত এই প্রয়াস আমদের অনেক দূর পর্যন্ত হাঁটতে সাহস জোগাবে। এলাকার উন্নয়ন আর সবার জন্য মঙ্গলভাবনা আমাদের অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবে, সময়ের অপেক্ষা মাত্র। সময়! জিরো আওয়ার থেকে যার পথচলা শুরু, সেই থেকে আজ অবধি মহাবিশ্বের সবকিছুকে সে নিজ কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে নিরন্তর, আর সবাইকে পৌঁছে দিচ্ছে তার অভীষ্ট লক্ষ্যে। আমরা কেউই সময়ের এই অনন্ত যাত্রার বাইরে নই। সময়ের পরিক্রমায় আমরা কেউই এ পৃথিবীতে একসময় থাকবও না। কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে, এ রকম একটি ভাবনা থেকে নিজ এলাকার মানুষের মঙ্গল নিশ্চিত করার জন্যই সময়ের সমীকরণ-এর পথচলা শুরু। সততাই আমাদের শক্তি, সাহসের সঙ্গে সততার পথে, অগ্রযাত্রার চার বছর-এটিই আমাদের এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য। বলে রাখা ভালো, সততার পথ কখনোই সরল সমীকরণ না। আমরাও এই চার বছরে অনেক জটিল পরিস্থিতির মুখামুখি হয়েছি, তবে কখনোই আমরা লক্ষ্যচ্যুত হইনি। অনিচ্ছাকৃত যেসব ভুল হয়েছে, তা আমাদের পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে, যা আমাদের মনবলকে দৃঢ় করেছে আরও সামনে এগোতে। আর তার ফল আমরা আজ দেখতে পাচ্ছি, সময়ের সমীকরণ আজ সত্যিই গণমানুষের আস্থা আর ভালোবাসায় ধন্য একটি পত্রিকা। প্রতিটি শুভ কাজ মানুষকে শান্তি দেয়। যেমন বাংলার তিমির হরণের কবিকে শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন। কবির ভাষায়- হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দ- শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন। কিন্তু শান্তির জন্য আজ সারা বিশ্বজুড়ে হাহাকার লক্ষ্য করছি। অথচ সামান্য একটা ভালো কাজ, সবার জন্য মঙ্গল চিন্তা আমাদের অকৃত্রিম শান্তি দিতে পারে। আমরা আমাদের নিজ এলাকার মানুষের জন্য কিছু করছি, এ ভাবনা সময়ের সমীকরণ পরিবারকে শান্তি দেয়। এ ক্ষেত্রে আমরা কতটা সফল, এ বিচারের ভার পাঠক আপনাদের। এই চার বছরের পথচলায় আপনাদের অনেকে আমাদের সুপরামর্শ দিয়েছেন, তা আমরা সাধ্যমতো গ্রহণ করার চেষ্টা করেছি। আমাদের উন্নতির জন্য পাঠক আপনাদের মূল্যবান মতামত অনাগত সময়েও অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর সময়ের সমীকরণ-এর ওপর আপনাদের আস্থা ও বিশ্বাস বিগত দিনের মতোই অব্যাহত থাকবে, এটিই আমাদের প্রত্যাশা। পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও প্রেরণায় সময়ের সমীকরণ এগিয়ে যাবে। মিলাব, মিলব সময়ের সমীকরণ-এর জটিল সমীকরণে, শত বাধার মুখেও সততার পথে থাকব, এটিই হোক প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। শরীফুজ্জামান শরীফ, প্রকাশক-সম্পাদক, দৈনিক সময়ের সমীকরণ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)