প্রতিবেদক, সরোজগঞ্জ:
সরোজগঞ্জ বাজারে আবারও অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জের কালুপোল রোড মোড়ে বিসমিল্লাহ ফার্মেসি অ্যান্ড মোবাইল টেলিকম নামের দোকানে গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে ।
এ বিষয়ে ফার্মেসির মালিক মোখলেচুর রহমান জানান, ‘চোরেরা আমার ফার্মেসি অ্যান্ড মোবাইল টেলিকমের দোকানের টিনের ছাউনি ও ভেতরের হার্ডবোর্ড কেটে দোকানঘরের ভেতর ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা, মোবাইল ও মালামাল সব মিলিয়ে নগদ ১ লাখ টাকা চুরি করেছে। চোরেরা চুরি করার পর আমার দোকানে একটা সাদা কাগজে মানুষের ছবি আঁকিয়ে কাগজটিতে লিখে গেছে, ‘আপনার দোকানে চুরি হয়েছে, মোবাইল নং ০১৯-০০০০০০০’।’
সরোজগঞ্জ বাজারের দোকানিরা জানান, এই বাজারে প্রতিনিয়তই বড় ধরনের চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে বাজার কমিটি কোনো উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেছেন বাজারের দোকানিরা। এ বিষয়ে বাজার কমিটির সভাপতির সঙ্গে প্রতিবেদকের যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ জামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। দেখি, দোকানের ছাউনির টিন ও হার্ডবোর্ড কাটা, তবে ক্যাশ বাক্স ভাঙা ছিল না, কিন্তুু মালিক জানিছেন, কিছু টাকা চুরি হয়েছে।’ এ বিষয়ে দোকানের মালিক সরোজগঞ্জ বাজার কমিটি ও চুুয়াডাঙ্গা সদর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।
