নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের পৃথক স্থান থেকে গাঁজা, ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার পৃথক সময়ে সদর উপজেলার দীননাথপুর ও আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন গোলাম হোসেন (৪৫) ও রুমান গাজী (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মুহিতুর রহমান ফোর্স নিয়ে সদর উপজেলার দীননাথপুর পোস্ট অফিস পাড়ায় অভিযান চালান। সেখান থেকে মাখালডাঙ্গা গ্রামের মৃত ভেলু ম-লের ছেলে গোলাম হোসেনকে (৪৫) আটক করেন। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১ শ গ্রাম গাঁজা।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোল্লা মো. সেলিম ফোর্স নিয়ে বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসনের সামনে অভিযান চালান। সে সময় আটক করা হয় জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামের জামান গাজীর ছেলে রুমান গাজীকে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ১০ বোতল ফেনসিডিল।
পরে গ্রেপ্তার হওয়া এসব আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধার হওয়া মাদকসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
