প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার পুরাতন বাস্তপুরে পাওয়ারট্রিলারের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যান চালকসহ তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন উপজেলার জয়রামপুর গ্রামের আসাদুজ্জামান (৫০), চুয়াডাঙ্গা সদরের মারিয়া মাহবুবা (৩০) ও জয়রামপুর নাওদাপাড়ার পাখিভ্যানচালক নায়েব আলী। গতকাল সোমবার সকাল ১০টার দিকে পুরাতন বাস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দামুড়হুদা উপজেলা জয়রামপুর গ্রামের আনোয়ারের ছেলে নায়েব আলী তাঁর পাখিভ্যানে দুইজন যাত্রী নিয়ে দামুড়হুদার উদ্দেশে আসছিলেন। এমন সময় পেছন দিক থেকে সুবলপুর গ্রামের মহাসিনের ছেলে মুনতাজ তাঁর পাওয়ারট্রিলার দিয়ে পাখিভ্যানে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন মাটিতে পড়ে গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আসাদুজ্জামান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।
দামুড়হুদার চিৎলা হাসপাতালের উপসহকারী মেডিকেল অফিসার ডা. আকরাম জানান, আসাদুজ্জামান ও মারিয়া মাহবুবা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। ভ্যানচালক নায়েব আলীর মাথায় একটু বেশি আঘাত হয়েছে, তাই তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।
