ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রেলওয়ে আন্ডারপাস সড়ক ঢালাই কাজের উদ্বোধন
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের গুরুত্বপূর্ণ রেলওয়ে আন্ডারপাস সড়কের ঢালাইকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম শফি, শহর সমম্বয় কমিটির সদস্য ও সমাজ সেবক নাসির আহাদ জোয়ার্দ্দার, সড়ক নির্মাণের জন্য জমিদাতা রাশেদুল জামান মালিক ও জহুর হোসেন মালিম, প্রকল্পের উপসহকারী প্রকৌশলী আব্দুল কাদের, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, ইমরানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হাকিম মালিক।
প্রকল্পসূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, এডিবি ও ওএফআইডি-এর সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অর্থায়নে রাস্তাটির আরসিসি ঢালাই কাজ করা হচ্ছে।
পৌর মেয়র জিপু চৌধুরী বলেন, আন্ডারপাস সড়ক দিয়ে চলাচল করা হলেও জমা পানির কারণে সড়কটি অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই সড়কটি আরসিসি ঢালাই করে আরও উন্নত করে তোলা হচ্ছে। এ কাজ সম্পন্ন হলে রেলক্রসিংয়ের সময় গেইট বন্ধ থাকলেও ছোট ছোট যান বাহনগুলো আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে।
