ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে আজ সোমবার থেকে দায়িত্ব পালন করবেন অ্যাড. বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাশির উদ্দিন মন্জু। গতকাল রোববার তিনি এ পদে যোগদান করেন।
অ্যাড. খন্দকার নাশির উদ্দিন মন্জু আলমডাঙ্গার গবিন্দপুর গ্রামের মরহুম খন্দকার রুহুল আমিন পীরের বড় ছেলে ও দৈনিক সময়ের সমীকরণ-এর আলমডাঙ্গা অফিসপ্রধান খন্দকার হামিদুল আজমের বড় ভাই। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে তুখোড় ছাত্রনেতা ছিলেন। আলমডাঙ্গায় হাসপাতাল নির্মাণের জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন। তিনি জেলা আইনজীবী পরিষদের সদস্য। দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত থাকা বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাশির উদ্দিন মন্জু চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এজিপি হিসেবে দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত জিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁকে চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সলিসিটর কার্যালয় ২১ অক্টোবর সলিসিটর/জিপি/পিপি/-(চুয়াডাঙ্গা)৫৩/২০০৯-১১৭ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছে। আজ সোমবার থেকে তিনি জিপি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
