সমীকরণ প্রতিবেদন:
ভাষা সৈনিক, জাতীয় রাজনীতিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা, জাতীয় শ্রমিক লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সভাপতি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর টিচার্স ফেলো-এর অধ্যক্ষ, জাতীয় শ্রমিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি, ১৯৬৯ সালের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুথানের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, চুয়াডাঙ্গার কৃতী সন্তান মোহাম্মদ শাহজাহানের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার দিনের বিভিন্ন কর্মসূিচ হাতে নেওয়া হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২২ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থিত শাহজাহান চত্বরে শিশু-কিশোরদের সাহিত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৩০ নভেম্বর বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালায় মোহাম্মদ শাহজাহানের সব গুণগ্রাহী ও শুভাকাক্ষীসহ দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার জন্য ‘শাহজাহান স্মৃতি সংসদ’ সনিবন্ধন অনুরোধ জানাচ্ছে। প্রথমদিনের কর্মসূচিতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ শাহজাহানের পবিরারের সদস্যরা, অনুজবৃন্দ ও মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সম্পাদক অধ্যাপক শেখ সেলিমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতি ছাড়াও সেখানে এতিমখানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুস সালাম, শিক্ষক মো. আবু বক্কর, দ্রোহের কবি অমিতাভ মীর, কবি গোলাম কবীর মুকুল, নাজিম উদ্দীন, আবুল কাশেম, শিশু সদনের কর্মাধ্যক্ষ সানোয়ার হোসেন ও শিশু সদনের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
