নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে হাসাহাসির জের ধরে হাফেজা খাতুন (৩০) নামের এক নরীকে কাঠের চলা দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত হাফেজা খাতুন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের স্কুলপাড়ার আশিক রানার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে এলাকার ব্রিজের ওপরে দাঁড়িয়ে মেয়ে আসিয়া খাতুন (১২) ও প্রতিবেশী মহিলাদের সঙ্গে হাসাহাসি করছিলেন হাফেজা খাতুন। এ সময় একই এলাকার নেকবার আলীর স্ত্রী রেকজান বেগম (৫০) ও তাঁর মেয়ে সাগরী (৩০) ধান সেদ্ধ করছিলেন। রেকজান বেগম ও মেয়ে সাগরী ধারণা করেন, হাফেজা খাতুন তাঁদের উদ্দেশে হাসাহাসি করছেন। এরই জের ধরে রেকজান বেগম হাফেজা খাতুনদের লক্ষ্য করে কাদা ও ইট ছুঁড়ে মারেন। ছুঁড়ে মারা কাদা আসিয়া খাতুনের গায়ে যেয়ে পড়লে এর প্রতিবাদ করতে গেলে রেকজান বেগম ও তাঁর মেয়ে সাগরী কাঠের চলা দিয়ে পিটিয়ে আহত করেন হাফেজা খাতুনকে। কাঠের চলার আঘাতে হাফেজা খাতুন রক্তাক্ত জখম হন। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফেজা খাতুনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হবে বলে জানা গেছে।
