জীবননগরে সবজি চাষে স্বাবলম্বী করম আলী

আপলোড তারিখঃ 2019-10-26 ইং
জীবননগরে সবজি চাষে স্বাবলম্বী করম আলী ছবির ক্যাপশন:
জাহিদ বাবু/মিঠুন মাহমুদ: জীবননগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাকলাগ্রাম। এ গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সকাল হলেই লাঙল-জোয়াল ঘাড়ে নিয়ে কৃষকেরা ছুটে যান জমিতে। এমনই একজন কৃষক করম আলী। তিনি পাঁচ বিঘা জমিতে সিম ও তিন বিঘা জমিতে মরিচ চাষ করে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন, এই চাষে তিনি বিঘাপ্রতি ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। এক বছরের মাথায় তাঁর বিনিয়োগ-অর্থ উঠে এসে প্রায় বিঘাপ্রতি ৩০-৪০ হাজার টাকা লাভ হয়েছে। তা ছাড়া এখন পর্যন্ত জমিতে যে পরিমাণ ফসল আছে, তাতেও তিনি বেশ ভালো অঙ্কের টাকা লাভ করবেন বলে জানান। কৃষিতে তাঁর এ বিপ্লবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই কৃষিকাজ করি। প্রথমে এক বিঘা জমি লিজ নিয়ে সিম চাষ করি। এতে খরচ-খরচা বাদ দিয়ে প্রায় ৫০ হাজার টাকা লাভ হয়। পরবর্তীতে আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে সিম, মরিচ, লাউ ও ধান চাষ শুরু করি। সেই থেকে এ পর্যন্ত চাষে কোনো লোকসান গুনতে হয়নি আমাকে। তা ছাড়া বর্তমানে আমার জমিতে প্রতিদিন ৫ জন পুরুষ ও ১০ জন নারী শ্রমিক কাজ করেন।’ কৃষি অফিস থেকে কোনো সাহায্য-সহযোগিতা করা হয় কি না, এ কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোনো দিন কৃষি অফিসের কোনো সাহায্য-সহযোগিতা পাইনি। যদি কৃষি অফিস থেকে কোনো প্রকার সহযোগিতা পেতাম, তা হলে আমি কৃষিতে আরও ভালো করতে পারতাম।’ এদিকে, করম আলীর কাছ থেকে সবজি চাষবিষয়ক ধারণা নিয়ে এখন এলাকার অনেক চাষিই ভালো ফলন পাচ্ছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে বালিহুদা গ্রামের এক কৃষক নুহু জানান, করম আলীর কাছে কৃষি চাষ শিখে আজ তিনি স্বাবলম্বী হয়েছেন। এরই মধ্যে কৃষক করম আলীর কৃষিতে বিপ্লব ঘটনার বিষয়টি জানতে পেরে সরেজমিনে বিভিন্ন স্থান থেকে কৃষকেরা ভিড় জমাচ্ছেন। এ ব্যাপারে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘করম আলী সবজি চাষে সাবলম্বী হয়েছেন, এটি আমরা অনেক আগেই শুনেছি। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা একটি কৃষিপ্রধান এলাকা, এ এলাকায় ধান চাষের পাশাপাশি সিম, মরিচ, লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। আর করম আলী যে অভিযোগটি করেছেন, সেটি ঠিক নয়। চাষের কোনো প্রকার সমস্যা নিয়ে কেউ যদি আমাদের কাছে আসেন, আমরা দ্রুত তা সমাধানের চেষ্টা করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)