ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, এখন থেকে বন্দিরা কারাগারে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ তথ্য জানান। মোস্তফা কামাল পাশা বলেন, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’- এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করা হবে। আর বন্দিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের দেখা ও কথা বলার সুযোগ পাবেন। তিনি বলেন, এখন থেকে বন্দিদের সঙ্গে মানবিক আচরণ করা হবে। তাদের জন্য ব্যবস্থা করা হবে কঠোর নিরাপত্তার। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এ জন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সেখানে সুখাদ্য, চিকিৎসা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কারা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে বলেও জানান কারা প্রিজন। তিনি বলেন, সব বন্দিকে সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন ও প্রশিক্ষণ দেয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলেন, বর্তমানে বাংলাদেশে কারাগারের অবস্থা অনেক দেশ থেকেও ভালো। ১৭ কোটি জনসংখ্যার মধ্যে .০৫৬% মাত্র কয়েদি। অনেক উন্নত দেশেও তার হার অনেক বেশি। জঙ্গিদের আলাদা করার বিষয়ে সচিব (সুরক্ষা) দ্বিমত পোষণ করে বলেন, এ কালচারটি বর্হিবিশ্ব দেখানো সঠিক হবে না। তাছাড়া কারাগারকে সংশোধনাগার হিসেবে প্রস্তুত করা হচ্ছে। জঙ্গিদের নজরদারিতে রাখতে হবে, যাতে তারা অন্য কোথাও যোগাযোগ করতে না পারেন।
