ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী:
শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উন্নত মেধা বিকাশের জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করে গত মঙ্গলবার সকাল ১০টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলায় উথলী ডিগ্রি কলেজের আয়োজনে ও ভিডাক ফাউন্ডেশনের সৌজন্যে কলেজের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এ খেলায় ২য় বর্ষ ফুটবল একাদশ ১ম বর্ষ ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে। খেলা শুরুর ১৫ মিনিটের সময় দলীয় অধিনায়ক রাহাত আলী সুমন জয়সূচক গোলটি করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ভিডাক ফাউন্ডেশনের সৌজন্যে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর উপজেলা শাখার পরিচালক, ভিডাক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান পিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আসাদুর রহমান ভেদু, দৈনিক সময়ের সমীকরণ-এর উথলী প্রতিবেদক আহমদ সগীর, সাংবাদিক রাসেল হোসেন মুন্না ও হাসান নিলয়।
এ ছাড়াও উথলী ডিগ্রি কলেজের সব প্রভাষক, ছাত্র-ছাত্রী ও ফুটবলপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন। অসাধারণ ক্রীড়া নৈপূন্য পদর্শন করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২য় বর্ষের রাহাত আলী সুমন ও ১ম বর্ষের তৌফিক হোসেন। খেলায় গোল জাজ হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম সজল ও সুজন হোসেন। খেলায় ধারাভাষ্য দেন তৌফিকুর রহমান অংকন।
